ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে বলা হয়েছে, সরকারি অনুমোদিত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু, ষাঁড়, মহিষ ও বাছুরসহ যেকোনো পশু জবাই করা যাবে না। বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। খবর এনডিটিভির।
গতকাল বুধবার (১৩ মে) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং যেগুলো আর কাজ বা প্রজননের উপযোগী নয় সেইসব পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে। এছাড়া বার্ধক্য, আঘাত, শারীরিক বিকৃতি বা দুরারোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও অনুমতি দেওয়া যেতে পারে। তবে, সনদে এসব কারণ লিখিতভাবে উল্লেখ করতে হবে এবং এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একজন সরকারি পশু চিকিৎসক দেবেন ।
এছাড়া, কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
বিধিমালায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসন চিহ্নিত স্থানে জবাই করা যাবে। জনসম্মুখে বা খোলা স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, প্রশাসনের অনুমোদিত কর্মকর্তা বা পশু চিকিৎসক কোনো স্থানে পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। এ ধরনের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

