তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে তা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে এবং এমনকি সংঘাতের দিকেও নিয়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৪ মে) দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প-শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন।
শি জিনপিং বলেন, বাণিজ্য আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তবে তাইওয়ান হলো যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে সামলানো না হলে দুই দেশ সংঘর্ষের দিকে যেতে পারে।
তিনি আরও বলেন, এই ইস্যু সঠিকভাবে সামলানো না হলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে এবং দুই দেশ সংঘর্ষ,এমনকি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
এদিকে চীনের কনসালটেন্সি প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার ভূরাজনৈতিক বিশ্লেষক জো মাজুর বলেন, অতীতেও বেইজিং তাইওয়ান নিয়ে কঠোর সতর্কতা দিয়েছে, তবে শির এবারের বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার মতে, শি খুব স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছেন যেন তারা এ বিষয়ে কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না নেয়।
তবে, টেম্পল অব হেভেনে ছবি তোলার সময় সাংবাদিকরা ট্রাম্পকে তাইওয়ান বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি।
এদিকে, ট্রাম্প বৈঠকের শুরুতে শি জিনপিংয়ের প্রশংসা করে বলেন, আপনি একজন মহান নেতা। অনেকে আমার এ কথা বলা পছন্দ করেন না, কিন্তু আমি বলি। এটি হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শীর্ষ বৈঠক হতে পারে।

