ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার (১১ মে) নবান্নে প্রথম কর্মদিবসে তিনি প্রশাসনিক বৈঠক, মন্ত্রিসভার সভা এবং জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করেন।
নতুন সরকারের বড় সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি আনা। মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএফএসের কাছে হস্তান্তর করা হবে, যাতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা যায়।
এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প—যেমন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও ও উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গকে যুক্ত করার ঘোষণা দিয়েছে বিজেপি সরকার। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, জনগণনা কার্যক্রম শুরু এবং প্রশাসনিক সংস্কারের কথাও জানিয়েছেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেছেন, তার সরকার দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে এবং সুশাসন, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটি বিজেপির প্রথম সরকার হিসেবে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

