দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক আসরকে সামনে রেখে নতুন ঘোষণা দিয়েছে ফিফা। এবার আয়োজক তিন দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরুর আগে নিজ নিজ দেশে এসব আয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে ৪৮ দল নিয়ে ইতিহাসের বৃহত্তম ফুটবল বিশ্বকাপ শুরু হবে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবে জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড মানা। পাশাপাশি থাকবেন আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। অনুষ্ঠানজুড়ে তুলে ধরা হবে মেক্সিকোর সংস্কৃতি, আদিবাসী ঐতিহ্য ও আধুনিক লোকসংগীত।
১২ জুন টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। সেখানে উদ্বোধনী কনসার্টে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে অংশ নেবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়ও। ফিফা জানিয়েছে, সেখানে বিশ্বকাপ ট্রফিকে কানাডার বৈচিত্র্যের প্রতীক হিসেবে বিশেষ নকশায় উপস্থাপন করা হবে।
একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ থাকবেন কেটি পেরি। আরও পারফর্ম করবেন ফিউচারসহ একাধিক আন্তর্জাতিক তারকা। ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানটি বিশ্বকাপের বিশালতা ও সাংস্কৃতিক প্রভাবকে তুলে ধরবে।

