আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ফিফা।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার-ফাইনালের পর—এই দুই ধাপে হলুদ কার্ড ‘অ্যামনেস্টি’ বা মুছে ফেলার একটি নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে সংস্থাটি।
বর্তমান নিয়ম অনুযায়ী, একটি দল কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে পাঁচটি ম্যাচ খেলে এবং এ সময়ের মধ্যে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচ নিষিদ্ধ হন। তবে নতুন বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হচ্ছে, ফলে ম্যাচসংখ্যাও বাড়বে এবং নিষেধাজ্ঞার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এ পরিস্থিতিতে নতুন প্রস্তাবে গ্রুপ পর্ব শেষে সব হলুদ কার্ড মুছে ফেলার পরিকল্পনা রয়েছে। এরপর নকআউট পর্বে (শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার-ফাইনাল) নতুন করে কার্ড গণনা শুরু হবে এবং কোয়ার্টার-ফাইনালের পর আবারও তা রিসেট করা হবে।
এর ফলে গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে সেমিফাইনালে তারকা খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি কমবে বলে মনে করছে ফিফা। তবে দুইটি হলুদ কার্ডে এক ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম বহাল থাকবে।
এ প্রস্তাবটি নিয়ে কানাডার ভ্যাঙ্কুভার-এ অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিলের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংস্থাটির মতে, কার্ডসংখ্যা বাড়ানোর পরিবর্তে ধাপে ধাপে ‘কাট-অফ’ ব্যবস্থা আরও ন্যায্য সমাধান হতে পারে।

