আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর বিশেষ দূত পাওলো জাম্পোলি ফাইন্যান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও ফিফা সভাপতি ইনফান্তিনোর আগের বক্তব্য তুলে ধরে ফিফা জানিয়েছে, বিশ্বকাপে ইরান দল অবশ্যই আসছে।
পাওলো জাম্পোলির এ প্রস্তাবের তীব্র সমালোচনা করে ইরানি দূতাবাস বলেছে, এটি যুক্তরাষ্ট্রের ‘নৈতিক দেউলিয়াত্বের’ প্রমাণ। দূতাবাস আরও জানিয়েছে, ফুটবলে এ পর্যন্ত ইতালি মাঠের খেলায় নিজেদের সাফল্য অর্জন করেছে, কোনো রাজনৈতিক সুবিধা নিয়ে নয়।
এছাড়া, এই প্রস্তাবের সমালোচনা করেছে স্বয়ং ইতালিও। দেশটির অর্থনীতি মন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি বলেছেন, জাম্পোলির দেওয়া প্রস্তাবটি ‘লজ্জাজনক’।
অন্যদিকে, ইতালির ক্রীড়া মন্ত্রী আন্দ্রেয়া আবোদি দেশটির গণমাধ্যম লা প্রেসকে বলেছেন— প্রথমত, এটি সম্ভব নয়, দ্বিতীয়ত, এটি অনুচিত। কারণ মাঠেই যোগ্যতা অর্জন করতে হয়।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে। গত মাসে বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার কাছে হেরে তারা ছিটকে যায় এবারের আসর থেকে।
উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। সেখানে ইরান ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল সরে গেলে বা বাদ পড়লে বিকল্প দল নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকলেও বর্তমানে এমন কোনো পদক্ষেপ বিবেচনায় নেই।

