হরমুজ প্রণালিতে চলমান সংকট মোকাবিলায় একটি শীর্ষ বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এই বৈঠকে মূলত একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নিয়েছে দেশ দুটি, যাতে যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তবে দেশ দুটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, এই উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলো কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই যুক্ত হবে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের এই অবস্থান যুক্তরাষ্ট্রের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে যুদ্ধ শুরুর পর থেকে দেশ দুটির যে অবস্থান, তার সঙ্গেই এটি সঙ্গতিপূর্ণ।
এই বৈঠকে মূল গুরুত্ব দেওয়া হবে হরমুজ প্রণালিতে সম্ভাব্য পাতা মাইন অপসারণের বিভিন্ন উপায় নিয়ে। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী সময়ে কীভাবে ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়েও একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করার চেষ্টা করা হবে।

