কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি বা ধর্ম-বর্ণের বিবেচনা করা হবে না। যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত উপকারভোগীদের মাঝে এসব কার্ড প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং সাম্প্রতিক ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ফরহাদ হোসেন আজাদ, আগামী ১৪ এপ্রিল দেশের অন্যান্য অঞ্চলের মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। কারা এই কার্ড পাবেন তা নির্ধারণে কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন স্তরের যাচাইবাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে। কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব থাকবে না। যারা পাওয়ার যোগ্য তারাই এটি পাবেন।
ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে সারাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে।
এদিকে, সম্প্রতি হওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ কোনো দল বা ধর্ম দেখে না। তাই ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণেও কোনো প্রকার দলীয় বিবেচনা করা হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই সহায়তা পাবেন।
এই আয়োজনে ফরহাদ হোসেন আজাদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও শুকনো খাবার, ১৩০ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

