প্রতিনিধি দলসহ ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধিদল আশাবাদী, তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই।’
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধিদল।
স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে গালিবাফ বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু তাদের (যুক্তরাষ্ট্র) প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে।’
ইরানের প্রধান আলোচক বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।’
তথ্যসূত্র: আল-জাজিরা ও সিএনএন

