প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার চেষ্টা চলছে এবং তা সিন্ডিকেটমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মন্ত্রী জানান, সৌদি আরবে হামলায় নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে পৌঁছেছে এবং তাদের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা মামুন ২০ বছর বয়সে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেন। পরিবার জানায়, ঈদের পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার, তবে সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।
গত ৮ মার্চ সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন তিনি। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়ার পর রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

