ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুইদিনে আরও ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার ও রোববার (৪ ও ৫ এপ্রিল) দুই দিনে মোট ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।
বিমানবন্দর সূত্র জানায়, এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত ৭টি ফ্লাইট (৪টি আগমন, ৩টি বহির্গমন) বাতিল হয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি (২টি আগমন ও ২টি বহির্গমন), এয়ার আরাবিয়ার ৪টি (২টি আগমন ও ২টি বহির্গমন) এবং সালাম এয়ারের ৪টি (২টি আগমন ও ২টি বহির্গমন) ফ্লাইট বাতিল করা হয়।
তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট (১৩টি আগমন ও ১০টি বহির্গমন) সচল ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত মোট ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

