দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানি সংকট মোকাবিলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা এই বৈঠক হয়।
সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী।
বৈঠকটি শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমে কথা বলেন। তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে যেসব সমস্যা হচ্ছে, সংকট আছে সেগুলো দূর করার বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।
বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতেই আজকে ব্যবসায়ীদের সঙ্গে বসা হয়েছে।
বন্ধ কল-কারখানা চালুর বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের উন্নয়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক জ্বালানি সংকটসহ বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে; সেখানে সহায়তা করা হবে।
শনিবার ছুটির দিন হলেও প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। সকাল সাড়ে ১০টা ৪৬ মিনিটে তিনি অফিসে যান।

