আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার সময় মোট ১২৫ বার পুনর্নির্ধারণ করা হলো। আজ বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে নতুন দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে বর্তমান তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান নতুন এই তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘ সময় ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্ত করলেও কোনো কূল-কিনারা করতে পারেনি। পরবর্তীতে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে পিবিআই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এই মামলায় এখন পর্যন্ত রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র পাল জামিনে থাকলেও বাকিরা বর্তমানে কারাগারে রয়েছেন।
সাগর-রুনি হত্যাকাণ্ডের পর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় বারবার ক্ষোভ প্রকাশ করে আসছেন নিহতদের পরিবার ও সাংবাদিক সমাজ। আগামী ৭ মে তদন্ত সংস্থা পিবিআই শেষ পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দিতে পারে কি না, সেদিকেই এখন সবার নজর।

