মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে আরও প্রায় ৩,৫০০ মার্কিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অতিরিক্ত সেনারা ইউএসএস ট্রিপোলি জাহাজে করে ২৭ মার্চ ওই অঞ্চলে পৌঁছেছে।
মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমান, অ্যাম্ফিবিয়াস আক্রমণ সক্ষমতা এবং বিভিন্ন কৌশলগত সামরিক সরঞ্জামও পাঠানো হয়েছে বলে জানানো হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ অবসানে আলোচনা চলছে। তবে এর মধ্যেই এই অতিরিক্ত সেনা মোতায়েন নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী শিগগিরই তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে আরও কয়েক হাজার সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
সূত্র: আল-জাজিরা

