ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য অন্তর্ঘাত (সাবোটাজ) ছিল কি না তা খতিয়ে দেখে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। পরদিনও হেডফোন ও শব্দযন্ত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় এক সদস্য।
চিফ হুইপ জানান, সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে গঠিত এই কমিটি মূলত দুটি বিষয় তদন্ত করবে—ঘটনাটি অন্তর্ঘাতমূলক ছিল কি না এবং সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণ ও সমাধান কী হতে পারে। একই সঙ্গে প্রযুক্তিগত সমস্যা নিরূপণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন নিয়েও ব্যাপক অভিযোগ রয়েছে। বড় আকারের হেডফোন ব্যবহারে অস্বস্তি হওয়ায় সেগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিয়েও আলোচনা হয়। স্পিকার, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ পদধারীদের জন্য পৃথক বাসভবনের ব্যবস্থা থাকলেও বাকি সদস্যদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। পরবর্তী বৈঠক আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

