অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করা হয়। কিন্তু শনিবার বিভিন্ন গণমাধ্যমে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সংবাদ প্রকাশ করলে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জানানো হয়েছে, বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল আছে।
আজ শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দি ডেইলি স্টারে ‘Govt lifts bar on IPL telecast in Bangladesh’ শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে।
আরও বলা হয়েছে, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

