ইরান যুক্তরাজ্যকে টার্গেট করছে, এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
দিয়েগো গার্সিয়া দ্বীপে তেহরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ব্রিটেন ইরানের ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে রয়েছে কী-না—এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, ‘সরকার সর্বদাই নিরাপত্তার জন্য নিজেরা পূর্ণাঙ্গ মূল্যায়ন করে থাকে এবং এই মূহুর্তে আমাদের কাছে এমন কোনো মূল্যায়ন নেই যে আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘যুদ্ধে না জড়িয়ে কীভাবে ব্রিটিশ স্বার্থ এবং জীবন রক্ষা করা যায় সেটি সরকারের কাছে গুরুত্বপূর্ণ।’
‘ইরানের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র আছে যা লন্ডন, প্যারিস বা বার্লিনে পৌঁছাতে সক্ষম’- ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এমন দাবি করার একদিন পর স্টারমারের এমন মন্তব্য এলো।
ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৩,৭৮১ কিলোমিটার দূরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যর্থ হওয়ার খবরের পর, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স সোশ্যাল নেটওয়ার্কে ওই দাবি করে পোষ্ট শেয়ার করে।
প্রসঙ্গত, ইরান থেকে লন্ডনের নিকটতম দূরত্ব ৪,৩০০ কিলোমিটারেরও বেশি।
সূত্র: বিবিসি বাংলা

