তেহরান এমনটাই দাবি করেছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বা পরোক্ষ কোনো যোগাযোগ হয়নি; বরং ইরানের হুমকিতেই তিনি পিছু হটছেন।
ইরানের ফারস বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি; এমনকি কোনো মধ্যস্থতার মাধ্যমেও নয়।
সূত্রটি দাবি করেছে, ইরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ট্রাম্প দাবি করেছিলেন—ইরানের সঙ্গে আলোচনা চলছে; যদিও ওই সূত্র এমন কোনো যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছে।
তবে এসব দাবির বিষয়ের খবর যাচাই করতে পারেনি আল জাজিরা। এমনকি এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
এর আগে, আগামী ৫ দিনের জন্য ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২৩ মার্চ) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।
সূত্র: আল জাজিরা ও এফএক্সস্ট্রিট

