ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। খবর বাসসের।
তিনি জানালেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তারেক রহমান। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমান দেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসনে থাকায় তিনি ১৭ বছর সেখানে ঈদ উদযাপন করেছেন।

