মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে তার অপরাধমূলক শাসন পরিবর্তনের কর্মকাণ্ডের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারেন বলে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
সোমবার (৩ মার্চ) প্রকাশিত তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে, বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী মেদভেদেভকে জিজ্ঞাসা করা হয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়েছে কি না।
তিনি বলেন, “প্রযুক্তিগতভাবে না, কিন্তু যদি ট্রাম্প তার উন্মাদ ও অপরাধমূলক শাসন পরিবর্তনের নীতি অব্যাহত রাখেন, তাহলে তা নিঃসন্দেহে শুরু হবে। এ ধরনের কর্মকাণ্ড যেকোনো ঘটনার সূচনা করতে পারে। যেকোনো কিছু।”
তিনি বলেন, ইরানের ওপর হামলা হলো বৈশ্বিক প্রাধান্য ধরে রাখার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বৃহত্তর যুদ্ধের অংশ।
মেদভেদেভের মতে, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করে মারাত্মক ভুল করেছেন। এর ফলে সব আমেরিকান ঝুঁকির মুখে পড়েছে।
তিনি আরও বলেন, তাঁর মৃত্যুর পর এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়নের প্রচেষ্টা তিনগুণ বাড়াবে।
ইরান এই সংঘাত ও তাদের নেতাদের মৃত্যুর ধাক্কা সামাল দিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনর্গঠনের খরচ “উচ্চ” হবে, তবে ইসলামি প্রজাতন্ত্র সফল হবে।
মেদেভেদেভ বলেন, “এর জন্য উচ্চমাত্রার সামাজিক ঐক্য প্রয়োজন। আর আমেরিকানরাই তাদের সেই ঐক্য এনে দিয়েছে।”
রাশিয়া ভবিষ্যতে আলোচনার মাঝেই ইরানের মতো হামলার ঝুঁকিতে আছে কি না—এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেন, এটি না ঘটার একটিই নিশ্চয়তা আছে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় পায় এবং পারমাণবিক সংঘাতের মূল্য জানে।
সূত্র: আরটি

