নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে এসব তথ্য জানান।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। তিনি বলেন, নির্ধারিত এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান মাসে যেন স্বস্তিদায়ক পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও সরকারের হাতে রয়েছে এবং এ নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সকল মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।
মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন—এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতির প্রভাবমুক্ত থেকে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এরআগে, বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

