পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ কর্মসূচি শুরুর পর থেকে টিসিবির পণ্য কিনতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রমজান উপলক্ষে প্রতিদিন পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১২ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ভর্তুকিমূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।
ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর ও ২ কেজি ডাল। নির্ধারিত এই প্যাকেজর মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
এদিকে টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ার পর থেকে এলাকায় এলাকায় তা কিনতে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
জয়পুরহাট শহরের হারাইল এলাকায় ভ্রাম্যমাণ ট্রাক থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হলে রাত ৮টার দিকে দেখা গেছে। শত শত নারী পুরুষ সেখানে ভিড় জমায়। তারা টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে দাঁড়ায়। এ সময় ভিড়ের কারণে হিমশিম খায় টিসিবির পণ্য সরবরাহকারীরা।
টিসিবির ডিলার গোলাম রব্বানী বলেন,‘বাজারের চেয়ে দাম কম পাওয়ায় মানুষ ছুটছে টিসিবি পণ্য কিনতে। এতে তাদের বিড়ম্বনা হচ্ছে।
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ‘রমজান মাসে সাশ্রয়ী দামে পণ্য সরবরাহের জন্য আগামী ১২ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহ করা হবে। রমজান মাসে বাজারে স্বস্তি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে’।

