অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ করতে একটি বিতর্কিত প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। সমালোচকদের মতে, এ পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করবে।
গত রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত এ প্রস্তাবের ফলে ইসরায়েলি নাগরিকরা পশ্চিম তীরে সরাসরি জমি ক্রয়ের সুযোগ পাবেন। পাশাপাশি অঞ্চলটির প্রশাসনিক কিছু দায়িত্ব ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পথও উন্মুক্ত হবে।
এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আরব দেশ। জার্মানিও এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এ পদক্ষেপ “কার্যত অধিগ্রহণের দিকে আরেকটি ধাপ” এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার নাগরিক ও সম্পত্তি আইনের ক্ষেত্রে একটি প্রশাসনিক পদক্ষেপ অনুমোদন করেছে। তাদের দাবি, ভূমি নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং আইনি বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুস্পষ্ট করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

