ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এ আসনের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে লেখা তার আবেদনপত্র এনসিপির নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে জমা দেন।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।
তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং কর্মকর্তাও এসব অনিয়মে জড়িয়ে পড়েন। কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিল ঢাকা-৮ আসন। গত ১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।

