টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণের আগে সতর্কবার্তা দিলেন ভারতের সাবেক অফ-স্পিনার হরভজন সিং। তার মতে, পাকিস্তানের স্পিনার উসমান তারিককে সামলাতে পারলেই ম্যাচ ভারতের দিকেই ঝুঁকবে। প্রতিবেদন এনডিটিভির।
রাঁচিতে সংবাদমাধ্যমকে হারভাজন বলেন, ‘ভারতই ম্যাচ জিতবে। পাকিস্তানের একজন ভালো স্পিনার (উসমান তারিক) আছে, তাকে আমাদের সতর্কভাবে খেলতে হবে। ভারতীয় দল খুবই সক্ষম ও শক্তিশালী। আশা করি তারা চাপমুক্ত থেকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবে এবং জয়ের পতাকা ওড়াবে।’
চারটি টি-টোয়েন্টি ম্যাচে ১১ উইকেট নেওয়া উসমান তারিক ইতোমধ্যে আলোচনায়। তার বল করার সময় তার সাইড-আর্ম এবং বল ছাড়ার আগে সংক্ষিপ্ত বিরতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক; অনেকে তার অ্যাকশনকে ‘চাকিং’ বলেও আখ্যা দিয়েছেন।
এদিকে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার মঙ্গিয়া বলেন, ‘দারুণ ম্যাচ হবে। ভারতের বর্তমান পারফরম্যান্স, ব্যাটিং-বোলিং এবং অধিনায়কের নেতৃত্ব; সবই আত্মবিশ্বাস জোগাচ্ছে। পাকিস্তান টানা সাত-আটবার আইসিসি টুর্নামেন্টে হেরেছে। ফলে চাপটা তাদের ওপরই বেশি থাকবে। এখনকার ভারতীয় তরুণরা নির্ভীক। একটি ওভার, একটি চার বা একটি ছক্কাই ম্যাচের চিত্র বদলে দিতে পারে।’
সাবেক এই উইকেটকিপার-ব্যাটার বিশেষভাবে ভরসা রাখছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপর। বড় ম্যাচে চাপ সামলে খেলার দক্ষতার কারণে হার্দিকের ওপর তার প্রত্যাশা বেশি।
পাকিস্তানের বিপক্ষে হার্দিকের পরিসংখ্যানও দারুণ। ১২ ইনিংসে ৩১৫ রান করেছেন ৩৫.০০ গড়ে এবং ১২৬.৫০-এর বেশি স্ট্রাইক রেটে, রয়েছে দুটি অর্ধশতক। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৫ উইকেট, গড় ১৮.৬০; সেরা বোলিং ৩/৮।

