চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় তারা। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৪৬ রানে।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যাঙ্গারুরা। ওপেনার জশ ইংলিস মাত্র ৪ বলে ৮ রান করে বোল্ড হন ব্লেসিং মুজারাবানির বলে। পরের ওভারেই ক্যামেরন গ্রিনকে শূন্য রানে ফেরান ব্রাড ইভানস। ২.৫ ওভারে ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরই ধারাবাহিকতায় মুজারাবানি ফিরিয়ে দেন টিম ডেভিডকেও, তিনিও আউট হন রানের খাতা খোলার আগেই।
ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড ১৫ বলে ১৭ রান করে আউট হলে ৪.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস পুনর্গঠন করেন। জয়ের আশাও জাগান তারা।
তবে নিজের প্রথম ওভারেই রায়ান বার্ল ম্যাক্সওয়েলকে (৩২ বলে ৩১) আউট করে জুটি ভাঙেন। ১৪.২ ওভারে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ১০৬/৫। ১৬তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজা মার্কাস স্টয়নিসকে ৬ রানে এলবিডব্লিউ করলে সমীকরণ দাঁড়ায় ২৫ বলে ৫৩ রান।
রেনশ ফিফটি পূর্ণ করে লড়াই চালিয়ে গেলেও ব্র্যাড ইভানস বেন ডোয়ারশুইসকে ফিরিয়ে দিলে ১৭.৪ ওভারে স্কোর হয় ১৩১/৭। শেষ দিকে নাটকীয়তায় ভরা ম্যাচে মুজারাবানি ৪৪ বলে ৬৫ রান করা রেনশকে আউট করেন। পরে অ্যাডাম জাম্পাকেও ফেরান তিনি। শেষ ব্যাটার ম্যাথিউ কুনেমান রান আউট হলে ২৩ রানে হার নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।
মুজারাবানি ৩.৩ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন। ব্র্যাড ইভানস নেন ৩ উইকেট। মাসাকাদজা ও রায়ান বার্ল একটি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি ৬১ রানের উদ্বোধনী জুটি গড়েন। মারুমানি ২১ বলে ৩৫ রান করে স্টয়নিসের বলে আউট হন। এরপর বেনেটের সঙ্গে রায়ান বার্ল ৭০ রানের জুটি গড়ে দলকে ১০০ পেরিয়ে দেন।
বেনেট খেলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস (৫৬ বলে, ৭ চার)। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২৫ রানের ঝড়ো ক্যামিও খেলেন, ছিল দুই চার ও একটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে, যা শেষ পর্যন্ত ম্যাচ জয়ের জন্য হয়।

