শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা ইনকিলাব মঞ্চের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নিয়েছে পরীবাগ থেকে বাংলামোটর এলাকা।
এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। অপরদিকে, ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টা থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
এদিকে, শুক্রবার সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিন্টো রোডে যাওয়ার অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ অন্যরা। দুপুরের পর সেখানে ধীরে ধীরে জমায়েত বাড়তে থাকে। আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে না পারে, সেজন্য মিন্টো রোডে প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ।

