আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতারক চক্রের ফাঁদ (ফোনকল) থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) এসব চক্রের ফোনকলে সাড়া না দিতে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৮ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।
এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো– আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।
এই সমস্যা মোকাবেলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে নির্বাচন কমিশন।

