টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কয়টের কঠোর সমালোচনা করেছেন সাবেক ব্যাটিং তারকা সুনিল গাভাস্কার। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত পরবর্তন করবে পাকিস্তান। খবর ইন্ডিয়া টুডের।
সোমবার (২ ফেব্রুয়ারি) চ্যানেল আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, তাদের ক্রিকেটাররাই অবসরের মতো বড়ো সিদ্ধান্ত থেকে ফিরে আসার এক ধরনের দৃষ্টান্ত তৈরি করেছেন। এটি ছিল মূলত শহিদ আফ্রিদির মতো ক্রিকেটারদের প্রতি পরোক্ষ কটাক্ষ, যিনি একাধিকবার অবসর ঘোষণার পরেও তা থেকে ফিরে এসেছেন।
তিনি বলেন, আগামী ৪-৫ দিনের মধ্যে যখন সারা বিশ্ব এবং তাদের খেলোয়াড়দের মধ্যে থেকে চাপ আসতে থাকবে তখন পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।
গাভাস্কার আরও সতর্ক করে দেন যে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকলে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর শাস্তি এবং নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
আইসিসিও পাকিস্তানের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে।
তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এ ধরনের সিদ্ধান্ত ক্রিকেট এবং বৈশ্বিক দর্শকদের পাশাপাশি পাকিস্তানের ভক্তদের জন্যও ক্ষতিকর।

