spot_img

মোদি সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি মনে করে

অবশ্যই পরুন

ভারতের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্যকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট বক্তৃতায় একবারও পশ্চিমবঙ্গের নাম না আসায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি মনে করে। একইসঙ্গে এই বাজেটকে তিনি দিশাহীন, ভিত্তিহীন ও লক্ষ্যহীন দলিল হিসেবেও আখ্যা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, রোববার ভারতের লোকসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন এই বাজেট নিয়ে রোববার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করছে। একই সঙ্গে তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের নাম না থাকায় তীব্র সমালোচনা করেন।

অভিষেক বলেন, বাজেট বক্তৃতা ছিল এক ঘণ্টা ২৫ মিনিটের। বিষয়টি বোঝাতে সময়ের হিসাব টেনে তিনি বলেন, ‘বাজেট বক্তৃতা ছিল ৮৫ মিনিট বা ৫ হাজার ১০০ সেকেন্ডের। অথচ একবারও পশ্চিমবঙ্গের নাম নেয়া হয়নি। শুধু পশ্চিমবঙ্গই নয়, রাজ্যের কৃষক, যুবসমাজ কিংবা কোনও শ্রেণির মানুষের জন্যই সেখানে স্পষ্ট কিছু ছিল না।’

গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই বাজেট সমাজের কোনও অংশের সমস্যার সমাধান দেবে না। তার ভাষায়, এটি একটি ‘লক্ষ্যহীন, ভিত্তিহীন ও দৃষ্টিহীন’ বাজেট।

এছাড়া প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে সরকারের আগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি কিংবা কৃষকের আয় বাড়ানোর বিষয়ে বাজেটে কোনও পরিষ্কার দিকনির্দেশনা নেই। তিনি বলেন, ‘তারা এআই, স্কিল ইন্ডিয়া আর প্রযুক্তিগত উন্নয়নের কথা বলছে। কিন্তু যুবসমাজ চাকরি পাবে কীভাবে? কর্মসংস্থান তৈরি হবে কীভাবে? এসব প্রশ্নের কোনও উত্তর বাজেটে নেই’।

অভিষেক আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও তাদের মন্ত্রীরা বারবার পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এই বাজেট যারা পেশ করেছে সেই কেন্দ্রীয় সরকার ও তাদের মন্ত্রীরাই আমাদের বাংলাদেশি বলে ডাকে। বাজেটে পশ্চিমবঙ্গের নামই নেই। জল জীবন মিশনের অর্থ বন্ধ করে দেয়া হয়েছে, পুরোনো প্রতিশ্রুতিগুলোও পূরণ করা হয়নি।’

২০২১ সালের পর বিজেপির আচরণ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে নির্যাতন করেছে, তাতে তাদের কাছ থেকে আর কোনও প্রত্যাশা নেই। তার দাবি, বিজেপি জানে তারা পশ্চিমবঙ্গে পুরোপুরি পরাজিত হবে, তাই ইচ্ছাকৃতভাবেই রাজ্যের জন্য কোনও অর্থ বরাদ্দ রাখা হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতাকে ‘নিজেদের কাজের প্রশংসাপত্র’ বলেও কটাক্ষ করেন। তার মতে, এটি সরকারের নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে লেখা একটি নথির মতো, যেখানে বাস্তবসম্মত কোনও সমাধান নেই। তিনি আরও বলেন, বেঙ্গালুরুতে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহ্যান্স) রয়েছে এবং ঝাড়খণ্ড ও আসামের জন্য নতুন প্রতিষ্ঠান ঘোষণাও করা হয়েছে, অথচ পশ্চিমবঙ্গ কিছুই পায়নি।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, কেন্দ্র যে রেল করিডরের ঘোষণা দিয়েছে, সেটির ধারণা মূলত তিনিই দিয়েছিলেন।

গণমাধ্যমে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটকে ‘লক্ষ্যহীন’ বলে আখ্যা দেন। তার অভিযোগ, এই বাজেট জনবিরোধী, নারী-বিরোধী ও আদিবাসীবিরোধী। শেয়ারবাজারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেখুন শেয়ারবাজার কীভাবে পড়ে গেছে। এটা একটা হামটি-ডামটি বাজেট।’

সর্বশেষ সংবাদ

এপস্টিনের দ্বীপে যেতে চেয়েছিলেন মাস্ক, যে কারণে আশা পূরণ হয়নি

মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী পরিচালক (সিইও) ইলন মাস্ক এবং কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টিনের মধ্যে আদান-প্রদান হওয়া ইমেইল...

এই বিভাগের অন্যান্য সংবাদ