তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে সুখকর শুরু পায়নি ইংল্যান্ড। কলম্বোয় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশদের ১৯ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।
২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ইংল্যান্ডের ইনিংস থামে ২৫২ রানে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে শ্রীলঙ্কার জয়ের নায়ক তরুণ লেগ স্পিনার দুনিথ ওয়েলালাগে। ১২ বলে অপরাজিত ২৫ রান করার পাশাপাশি ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ২ উইকেট।
৪৬তম ওভারে জশ বাটলার ও লিয়ান ডসনের বিদায়ের পরই ইংল্যান্ডের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষদিকে জেমি ওভারটনের ঝড়ো ব্যাটিং কিছুটা আশা জাগালেও শেষ ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন তিনি।
এর আগে লক্ষ্য তাড়ায় শুরুতেই জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে বেন ডাকেট ও জো রুটের দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্ত ভিত গড়ে তোলে সফরকারীরা। তাদের শতরানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পেতে হয় ইংলিশদের। উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতেও হেরেছিল ইংল্যান্ড।
স্পিন সহায়ক উইকেটে শ্রীলঙ্কার হয়ে প্রায় সবাই কমবেশি অবদান রাখেন। তবে অনবদ্য ব্যাটিংয়ে ১১টি চারসহ অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন কুসাল মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন জনিথ লিয়ানাগে।
লক্ষ্য তাড়ায় ৭২ বলে ফিফটি স্পর্শ করেন জো রুট, আর ডাকেটের অর্ধশতক আসে ৬৭ বলে। ১১৭ রানের জুটি ভাঙে ডাকেটের বিদায়ে। রিভার্স সুইপ করতে গিয়ে জেফ্রি ভ্যান্ডারসের বলে এলবিডব্লিউ হন তিনি। এক ছক্কা ও পাঁচ চারে ৭৬ বলে ৬২ রান করেন ডাকেট।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। পাঁচ চারে ৬১ রান করা রুটও ধানাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। পাঁচ চারে ২১ বলে ২৭ রান করা রেহান আহমেদকে বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নিয়ে ফেরান ওয়েলালাগে। শেষ পর্যন্ত ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে আউট হন ওভারটন।

