আগামী মৌসুমের জন্য সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই তালিকায় আছেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম।
২০২৬ বিশ্বকাপ শেষে দেশটির প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন দিদিয়ের দেশম। যিনি ফ্রান্সের হয়ে খেলোয়াড় ও কোচ উভয় পরিচয়েই বিশ্বকাপ জিতেছেন।
তার এই ঘোষণায় সুযোগ হাতছাড়া করতে চাইছে না রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়ার উত্তরসূরী হিসেবে তাকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করছে রেকর্ড ইউরোপ চ্যাম্পিয়নরা।
বর্তমান কোচ আরবেলোয়ার অধীনে বেশ চাপে রিয়াল। লা লিগায় এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা থেকে ৬ পয়েন্ট পিছিয়ে দলটা; চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে হেরেছে বায়ার্নের বিপক্ষে।
রিয়ালকে চেনা রূপে ফেরাতে দেশম হতে পারেন ক্লাবটির সেরা বিকল্প। তার হাত ধরেই বিশ্বকাপ জিতেছিলেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে।

