spot_img

মাথাব্যথা কি শুধু সাধারণ সমস্যা, নাকি স্ট্রোকের সংকেত

অবশ্যই পরুন

দৈনন্দিন জীবনে মাথাব্যথা যেন খুবই সাধারণ একটি সমস্যা। অনেক সময় আমরা এটিকে ক্লান্তি, ঘুমের অভাব বা স্ট্রেসের ফল বলে এড়িয়ে যাই। কিন্তু সব মাথাব্যথা এক রকম নয়। কিছু নির্দিষ্ট ধরনের মাথাব্যথা শরীরের ভেতরে গুরুতর সমস্যার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে যদি মাথাব্যথার সঙ্গে বিভ্রান্তি, দুর্বলতা বা কথা বলতে সমস্যা দেখা দেয়, তবে তা স্ট্রোকের লক্ষণও হতে পারে যা কখনোই অবহেলা করা উচিত নয়।

চিকিৎসক ডা. কুনাল সুদের মতে, মাথাব্যথার তীব্রতা নয়, বরং এর ধরন এবং সঙ্গে থাকা উপসর্গই বেশি গুরুত্বপূর্ণ। তিনি এমন পাঁচটি মাথাব্যথার ধরন সম্পর্কে সতর্ক করেছেন, যেগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

তিনি জানান, যদি হঠাৎ করে এমন মাথাব্যথা শুরু হয় যা কয়েক সেকেন্ডের মধ্যে চরম পর্যায়ে পৌঁছে যায় এবং জীবনের সবচেয়ে তীব্র ব্যথা মনে হয়, তাহলে এটি বিপজ্জনক সংকেত হতে পারে। এই ধরনের ‘থান্ডারক্ল্যাপ’ মাথাব্যথা মস্তিষ্কে রক্তক্ষরণ বা অ্যানিউরিজম ফেটে যাওয়ার লক্ষণ হতে পারে। এটি একটি মেডিক্যাল ইমার্জেন্সি, দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো প্রয়োজন।

৫০ পার করে নতুন ধরনের মাথাব্যথা 

ডা. কুনাল সুদ বলেন, ৫০ বছরের পর হঠাৎ নতুন ধরনের মাথাব্যথা শুরু হলে সেটিও অবহেলা করা উচিত নয়। এটি জায়ান্ট সেল আর্টেরাইটিস নামক একটি গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে, যা চিকিৎসা না করলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে। তাই বয়সের এই পর্যায়ে মাথাব্যথার ধরনে পরিবর্তন হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

ধীরে ধীরে বাড়তে থাকা মাথাব্যথা

ডা. কুনাল সুদ সর্তক করে বলেন, যদি মাথাব্যথা কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এটি মস্তিষ্কে চাপ বাড়ার লক্ষণ হতে পারে। এর পেছনে টিউমার, সংক্রমণ, পানি জমা বা রক্তক্ষরণের মতো কারণ থাকতে পারে। এই ধরনের ব্যথা কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।

বিভ্রান্তি, দুর্বলতা বা কথা বলায় সমস্যা থাকলে

মাথাব্যথার সঙ্গে যদি বিভ্রান্তি, শরীরের এক পাশে দুর্বলতা, কথা বলতে অসুবিধা বা দৃষ্টিতে পরিবর্তন দেখা যায়, তাহলে তা স্ট্রোক বা মস্তিষ্কের অন্য গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। এই অবস্থায় দেরি না করে জরুরি চিকিৎসা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময়মতো চিকিৎসা না পেলে স্থায়ী ক্ষতি হতে পারে।

জ্বর ও ঘাড় শক্ত হয়ে যাওয়ার সঙ্গে মাথাব্যথা

মাথাব্যথার সঙ্গে যদি জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং বমি বমি ভাব থাকে, তাহলে এটি মেনিনজাইটিসের লক্ষণ হতে পারে। এটি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারপাশের ঝিল্লির সংক্রমণ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জীবনহানির ঝুঁকি তৈরি করে। তাই এই উপসর্গগুলো দেখা দিলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে হবে।

মাথাব্যথা সবসময় সাধারণ কোনও সমস্যা নয়। কখনো কখনো এটি শরীরের ভেতরে বড় কোনও বিপদের পূর্বাভাস হতে পারে। তাই ব্যথার ধরন, সময়কাল এবং সঙ্গে থাকা উপসর্গগুলো ভালোভাবে লক্ষ্য করা জরুরি। বিশেষ করে হঠাৎ তীব্র ব্যথা, নতুন ধরনের ব্যথা, বা নিউরোলজিক্যাল লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সচেতন থাকলেই বড় বিপদ এড়ানো সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ