ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আসন্ন ফুটবল বিশ্বকাপে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে, যদি না ফিফা যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করে। খবর আল-জাজিরার।
রোববার (৫ এপ্রিল) তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ইতোমধ্যে ফিফার কাছে এই অনুরোধ জানিয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমাদের অনুরোধ গ্রহণ করা হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’
এশিয়া থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়া ইরান দলটির গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে। তবে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে। পরদিন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ইরান তাদের প্রথম ম্যাচে ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে।

