চীনের সাথে র্যাংকিংয়ে বিস্তর ফারাক বাংলাদেশের মেয়েদের। শক্তি, সামর্থ্যেও পিছিয়ে যোজন যোজন। কিন্তু মাঠের লড়াইয়ে, বুক চিতিয়ে লড়াই করেছে বাংলার মেয়েরা। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে শক্তিশালী চীনকে আটকে রেখেছিল পুরো প্রথমার্ধ। কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরি প্রোভিন্সিয়াল স্টেডিয়ামে চীনের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে চীন। পুরো ম্যাচে তাদের গোলের লক্ষ্যে শট ছিলো ১৬টি। কিন্তু দুর্গ হয়ে ছিলেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। তার দৃঢ়তায় প্রথমার্ধে কোন গোল হজম করতে হয় নি বাংলাদেশকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই দৃঢ়তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৪৭ মিনিটে মিলি আক্তারকে পরাস্ত করে ইউ জিংইউয়ে চীনের হয়ে প্রথম গোলটি করেন। তারপরও দুর্দান্ত কিছু সেভ করেন মিলি আক্তার। তবে ৮২ মিনিটে পাওয়া ফ্রি-কিক থেকে বল জালে জড়ান ওয়াং আইফাং। হার নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
হারলেও পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। সেজন্য শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে হবে বাংলাদেশের। আগামী ৭ এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ।

