ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমা হামলায় ইরানের স্বাস্থ্যকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হওয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) এবং আন্তর্জাতিক রেড ক্রস সংস্থাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেন।
বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং ইরানের একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র হিসেবে পাস্তুর ইনস্টিটিউটে হামলা চালানোর মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে?’
তিনি আরও বলেন, ‘একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, রেড ক্রস, ডক্টরস ইউদাউট বর্ডার এবং বিশ্বের সকল চিকিৎসকদের এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানাচ্ছি।’
তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন একই দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় দেশের অন্যতম প্রাচীন জনস্বাস্থ্য প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট হামলার লক্ষ্যবস্তু হয়।
ইরানের পাস্তুর ইনস্টিটিউট শতবর্ষী একটি প্রতিষ্ঠান এবং এটি বৈশ্বিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য।
সূত্র: প্রেসটিভি

