পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনায় পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন লাহোর কালান্দার্সের জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি জানিয়েছেন, হোটেল রুমে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ করানোর ঘটনায় তার ব্যক্তিগত অসাবধানতাই দায়ী, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি নয়।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত শনিবার রাতে, যখন রাজার সঙ্গে দেখা করতে চারজন অতিথি হোটেলে আসেন। রাজা জানিয়েছে, অতিথিরা তার দীর্ঘদিনের বন্ধু ও পরিবারের সদস্য ছিলেন। নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় তিনি তাদের জন্য অধিনায়কের সাহায্য নিয়েছিলেন। তাদের অবস্থান ছিল মাত্র ৪০ মিনিট, এবং এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। রাজা শাহীনের ওপর কোনো অশোভন আচরণের অভিযোগও খণ্ডন করেছেন।
এ ঘটনায় লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি অভ্যন্তরীণ তদন্তের পর অধিনায়ক শাহীন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে। ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়েছে, ‘শৃঙ্খলার স্বার্থে ও দৃষ্টান্ত স্থাপনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিস্তারিত প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) দেওয়া হয়েছে।’
বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দুই ম্যাচে এক জয় ও এক হারে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। মাঠের বাইরের এই বিতর্ক এবং জরিমানা আদায়ের প্রভাব আগামী ডিসিপ্লিনারি হিয়ারিংয়ে কী হবে, তা এখনও দেখার বিষয়।

