যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিজস্ব সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদক ওসামা বিন জাভাইদ জানান, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথিপত্র ইসলামাবাদের মাধ্যমে তেহরানের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।
এদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে। সম্ভাব্য এই বৈঠকের স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নামও আলোচনায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ইরানের প্রতিক্রিয়ার ওপরই পরবর্তী অগ্রগতি নির্ভর করবে।

