পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশ দলের ছয় ক্রিকেটার আংশিক অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। তবে সবার এনওসির মেয়াদ এক নয়। সূচি অনুযায়ী ধাপে ধাপে টুর্নামেন্টে অংশ নেবেন তারা।
লেগস্পিনার রিশাদ হোসেন এবারও পিএসএলে খেলবেন। নবাগত দল পিন্ডিজের হয়ে মাঠে নামবেন তিনি। এরইমধ্যে এনওসি পাওয়ার পাশাপাশি পাকিস্তানের টিকিটও কেটে ফেলেছেন এই ক্রিকেটার। গত আসরেও দুই ধাপে খেলতে গিয়ে আলো ছড়িয়েছিলেন রিশাদ।
এবারের আসরে লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। অন্যদিকে পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
প্রাথমিকভাবে তামিম, শরীফুল, রিশাদ ও নাহিদ রানা ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছেন। এরপর তারা দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দেবেন। ওয়ানডে দলে না থাকায় ইমন এনওসি পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত। পরে তিনি টি-২০ দলে যোগ দেবেন।
দুই ধাপে এনওসি পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ১২ এপ্রিল দেশে ফিরে ওয়ানডে সিরিজ খেলবেন তিনি। এরপর ২৪ এপ্রিল আবার পিএসএলে যোগ দিয়ে ফাইনাল পর্যন্ত খেলবেন।
এদিকে পাকিস্তানে সাম্প্রতিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আফগানিস্তান সীমান্ত ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেশোয়ারের ইমরান খান স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

