ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার জুনিয়র। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে ২৬ সদস্যের দলে রাখা হয়নি এই ফরোয়ার্ডকে। দল ঘোষণার সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ফিটনেসজনিত সমস্যায় চূড়ান্ত দলে জায়গা হয়নি নেইমারের।
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন নেইমার জুনিয়র। এরপর ১৭ মাস ধরে নেইমার ব্রাজিল দলের বাইরে। মাঝে ক্লাবের হয়ে একাধিকবার ফিরেছেন মাঠে, কিন্তু আবারও নতুন ইনজুরিতে পড়ে বারবার ছিটকে গেছেন মাঠের বাইরে। এই মুহূর্তেও চোট বয়ে বেড়াচ্ছেন নেইমার। আর তাই জাতীয় দলে ফেরাটা হচ্ছে আরও দীর্ঘায়িত।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, কেন আমি এই স্কোয়াডে নেইমারকে ডাকিনি? কারণ সে এই মুহূর্তে ১০০% ফিট নয়, আর আমাদের এমন খেলোয়াড় দরকার যারা শতভাগ প্রস্তুত। নেইমারকে খেলা এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। তাকে নিজের সামর্থ্য প্রদর্শন করতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে শারীরিকভাবে ভালো অবস্থায় আছে।
তিনি আরও বলেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আশ্বস্ত করে বলছি, আমরা বিশ্বকাপের জন্য এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে টেকনিক্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল—সব দিক থেকে আমরা সেরা অবস্থায় থাকতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের মানুষ এই দলের প্রতি সবসময় যে ভালোবাসা দেখিয়েছে, আমরাও জাতীয় দলের হয়ে মাঠের পারফরম্যান্সের মাধ্যমে সেই একই ভালোবাসা ফিরিয়ে দিতে চাই।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এর চারদিন পর অরল্যান্ডোতে সেলেসাওরা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে এই দুই ম্যাচের দলে নেইমার না থাকলেও ফরোয়ার্ডদের কমতি নেই ব্রাজিল স্কোয়াডে। ভিনিসিয়ুস জুনিয়র-এর পাশাপাশি, এনড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি-র সঙ্গে আছে চেলসির জোয়াও পেদ্রো এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। দলে নতুন মুখ চেলসির তরুণ প্রতিভা আন্দ্রে সান্তোস এবং গালাতাসারায়ের গ্যাব্রিয়েল সারা। আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি।

