আকাশছোঁয়া মূল্যে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এই নিলাম। যেখানে তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়ে যায় তারা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটি খেলার সুযোগ এই বাঁহাতি পেসারের সামনে।
এদিকে, দ্য হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ মাতানো আরেক বাংলাদেশি বোলার রিশাদ হোসেনেরও। তবে ৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও কেউ কিনতে আগ্রহ দেখায়নি।
সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়ার বিশাল মূল্যে তিনি দল পান পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। নিলামের আগে ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। এবার দা হান্ড্রেডের পালা। দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর চলবে এই বছরের ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত।

