অস্ট্রেলিয়ায় চলমান উইমেন’স এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নিয়ে চরম নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরান নারী ফুটবল দলের পাঁচ সদস্য একটি ‘সেফ হাউসে’ আশ্রয় নিয়েছেন। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে হারের পর দলের দেশে ফেরার কথা থাকলেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর দেশজুড়ে তাদের ওপর কঠোর সমালোচনা শুরু হয়। ইরানের একজন রক্ষণশীল টেলিভিশন উপস্থাপক খেলোয়াড়দের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করে কঠোর শাস্তির দাবি জানান।
গত রোববার গোল্ড কোস্টে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় কয়েকশ সমর্থক টিম বাস ঘিরে ধরে ‘আমাদের মেয়েদের বাঁচাও’ স্লোগান দেয়। হোটেলের ভিতরেও পরিস্থিতি নাটকীয় হয়ে ওঠে; কিছু খেলোয়াড় অ্যাক্টিভিস্টদের সঙ্গে কথা বলার পর লবি থেকে বের হন, যা দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
বিশ্বব্যাপী খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো-এর এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের সভাপতি বিউ বুশ সিডনিতে এক সংবাদ সম্মেলনে ফিফা, এএফসি এবং অস্ট্রেলিয়ান সরকারের প্রতি এই নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গেয়ে ও স্যালুট করেন, যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সদস্যরা খেলোয়াড়দের জাতীয় সঙ্গীত গাইতে ও স্যালুট করতে বাধ্য করেছেন।
বিউ বুশ জানিয়েছেন, দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় থাকতে পারেন যারা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাইছেন বা আরও বেশি সময় থাকতে চাইছেন। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে তাদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি বলেছেন, ইরান দলকে জোরপূর্বক দেশে ফিরতে দিয়ে অস্ট্রেলিয়া একটি ‘ভয়াবহ মানবিক ভুল’ করছে এবং খেলোয়াড়দের প্রাণহানির শঙ্কা রয়েছে। তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর প্রতি ফুটবলারদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া রাজি না হলে যুক্তরাষ্ট্র তাদের আশ্রয় দেবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা প্রায় বন্ধ রয়েছে, যা খেলোয়াড়দের ফেরার পথকে আরও জটিল করে তুলেছে।

