মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার (৪ মার্চ) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে নিজের পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এ সময় প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে তারা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না—তা খোঁজখবর নেন সংসদ সদস্য।
তিনি জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান।
পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি হঠাৎ এ পরিদর্শনে এসেছেন, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
তিনি সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তবে কিছু সীমাবদ্ধতা ও সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সেসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

