spot_img

৫ মার্চ পর্যন্ত বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের আকাশপথে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ছয়টি রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাতিল হওয়া রুটগুলো হলো- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর আকাশপথের পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে যাত্রীদের পরবর্তী সময়সূচি বা রি-শিডিউল সম্পর্কে অবহিত করা হবে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ ব্যবহারে বিধি নিষেধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের নিয়মিত সূচিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আজ মঙ্গলবার এক দিনেই বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত কয়েক দিনের হিসাব বিশ্লেষণে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে, যার সিংহভাগই ছিল মধ্যপ্রাচ্যগামী।

আকাশপথের এই উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত ফ্লাইটের স্বাভাবিক গতি ফিরছে না বলে ধারণা করা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার কিংবা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ