ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (০১ মার্চ) সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এসময় হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি হাসপাতালকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে এবং এর সাইট নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে আমাদের হাসপাতাল আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার। আমাদের এই এলাকার মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সবসময় সজাগ থাকব।”
এ সময় তিনি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার আহ্বান জানিয়ে বলেন, সীমিত সম্পদের মধ্যেও যেন সাধারণ মানুষ সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সে অনুযায়ী দায়িত্বশীলদের কাজ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত হাসপাতাল থেকে তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

