স্প্যানিশ লা লিগায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুর্দান্ত জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল।
এই জয়ে লা লিগার শীর্ষে ওঠার লড়াইয়ে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ সোমবার গেটাফের মুখোমুখি হবে। আর তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল এখন শীর্ষ দলটির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে।
ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘মিশ্র অনুভূতি ছিল। আমি নিজেকে নিয়ে ভালো অনুভব করছিলাম না, সঙ্গে গ্রোইনের চোটও ছিল। আমি আনন্দ নিয়ে খেলতে পারছিলাম না, সেটা মাঠেও এর আগে বোঝা গেছে। প্রায় এক সপ্তাহ ধরে আমি অনেক ভালো অনুভব করছি। অনেক দিন পর খেলতে গিয়ে হাসতে পারছি। এখন আমি সুখী, খেলতে পেরে খুবই আনন্দিত।’
১৮ বছর ২৩০ দিন বয়সে ইয়ামাল একুশ শতাব্দীতে লা লিগায় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করা খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ১৮; গত মৌসুমের সমান। বর্তমানে তিনিই দলের সর্বোচ্চ গোলদাতা।

