নিউজিল্যান্ডের বিপক্ষে ৬১ রানের বড় হারে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক শ্রীলঙ্কার। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেটে তোলে ১৬৯ রান। জবাবে ২০ ওভার খেলেও শ্রীলঙ্কা থামে মাত্র ১০৭ রানে।
ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। প্রথম ৩ ওভারে ৩০ রান তোলে নিউজিল্যান্ড। তবে ১৩ বলে ২৩ রান করা ফিন অ্যালেনকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন মহিশ তিকসানা। পাওয়ারপ্লের মধ্যেই ফেরেন টিম সাইফার্টও।
১০ ওভারের পর বড় ধস নামে কিউই শিবিরে। রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল—তিনজনই আউট হন দলের রান ৮৪ থাকা অবস্থায়। ১৬তম ওভার শেষে স্কোর ছিল ৯৮।
সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিচেল স্যান্টনার ও ম্যাকনকি। শেষ ৪ ওভারে তারা তোলে ৭৮ রান। ২৪ বলের ১১টিই ছিল বাউন্ডারি। শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৪৭ রান করেন স্যান্টনার (২ চার, ৪ ছক্কা)। ম্যাকনকি করেন ২৩ বলে ৩১ রান। তাদের ঝোড়ো জুটিতেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
রান তাড়া করতে নেমে কখনোই ম্যাচে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। স্পিনার রাচিন রবীন্দ্র ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাট হেনরি ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে কিছুটা লড়াই করেন কামিন্দু মেন্ডিস (২৩ বলে ৩১) ও দুনিত ভেল্লালাগে (২৩ বলে ২৯)। তবে রান তোলার গতি বাড়াতে না পারায় ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে শেষ চার। হারলেও সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে পাকিস্তানের ফলের ওপর নির্ভর করতে হবে।
অন্যদিকে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার। সুপার এইট থেকেই বিদায় নিতে হলো তাদের।

