প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নারী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ মার্চ। তিন দলের এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
সবোর্চ্চ ক্যাটাগরি ‘আইকনে’ থাকবে জাতীয় দলের তিন ক্রিকেটার– নিগার সুলতানা, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি। এছাড়া, ‘এ’ ক্যাটাগরিতে ৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ২০ জন এবং বাকিরা থাকবে ‘ডি’ ক্যাটাগরিতে।
আইকন ক্যাটাগরিতে ১০ লাখ, ‘এ’ ক্যাটাগরিতে ৭ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৫ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৩ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পারিশ্রমিক হিসেবে পাবে দেড় লাখ টাকা।
এদিকে, আগ্রহের ওপর ভিত্তি করে ড্রাফটে তোলা হবে বিদেশি খেলোয়াড়দের। তবে কতজন বিদেশি ক্রিকেটার ড্রাফটে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে ডব্লিউবিপিএলের ম্যাচগুলো।

