spot_img

মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

অবশ্যই পরুন

নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা মেলায় নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক গুরুত্বপূর্ণ বোর্ড সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে দেশের ক্রিকেটে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের কোনো পর্যায়েই তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

দীর্ঘ দিন আগে নারী দলের ক্রিকেটার পেসার জাহানারা আলমের করা একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ঘটে। অভিযোগে তিনি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।

তার এমন অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ তদন্ত ও পর্যবেক্ষণের পর কমিটির পক্ষ থেকে জানানো হয়, জাহানারার উত্থাপিত চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে অন্তত দুটির সত্যতা পাওয়া গেছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড দেশের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী স্পষ্টতই ‘অসদাচরণ’ এবং ‘যৌন হয়রানি’র পর্যায়ে পড়ে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিসিবি প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল।

উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকলেও, এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের ঘরোয়া বা আন্তর্জাতিক সব ক্রিকেটীয় কাঠামোতেই তাঁর ফেরার পথ বন্ধ হয়ে গেল। দেশের ক্রিকেটে শৃঙ্খলা ও নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির এই কঠোর পদক্ষেপকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চান বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ