যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করে দিয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেয়া রায়ে আদালত জানিয়েছে, জাতীয় জরুরি অবস্থার জন্য প্রণীত একটি আইন—১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)-এর আওতায় ট্রাম্প যেভাবে আমদানি পণ্যে ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন, তা আইনসামঞ্জস্যপূর্ণ নয়।
সর্বোচ্চ আদালতের ৬-৩ ভোটের রায়ে বলা হয়, আইইইপিএ প্রেসিডেন্টকে এককভাবে এমন ক্ষমতা দেয় না যে তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুল্ক নির্ধারণ করতে পারেন। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের মন্তব্যে জানানো হয়েছে, প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদনের প্রমাণ দিতে হবে, যা ট্রাম্প প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই শুল্ককে অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিলেন। বিভিন্ন দেশের পণ্যে তিনি ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন, যার মধ্যে ছিল চাইনা, কানাডা ও মেক্সিকো। তিনি এই শুল্কগুলোকে ‘লিবারেশন ডে’ ট্যারিফ হিসেবে অভিহিত করেছিলেন। এসব শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কগুলোতে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয়।
অর্থনীতিবিদদের মতে, এই আইনের আওতায় এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন প্রায় ১৭৫ বিলিয়ন ডলারের বেশি শুল্ক সংগ্রহ করেছে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে ব্যবসায়ীদের জন্য এই বিশাল অংকের অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

